গ্রীষ্মের উত্তাপজনিত প্রাণহানির এক-তৃতীয়াংশের বেশি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটে থাকে। গত সোমবার আন্তর্জাতিক গবেষকদের একটি দল এ তথ্য জানিয়েছে। বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকলে আরও প্রাণহানি ঘটবে বলে দলটি সতর্ক করে দিয়েছে।
জলবায়ু পরিবর্তন কীভাবে মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে, সে ঝুঁকি সম্পর্কে আগের নানা গবেষণায় পূর্বাভাস দিয়ে বলা হয়েছেÑ তাপমাত্রা, খরা, দাবানল এবং অন্য চরম ঘটনাগুলো উষ্ণায়নের ফলে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে।
পরিস্থিতি কতটা খারাপ হবে, তা নির্ভর করে মানুষ কত দ্রুত কার্বন নিঃসরণ কমাতে পারবে তার ওপর। ২০১৯ সালে রেকর্ড পরিমাণ কার্বন নিঃসরণ ঘটলেও করোনা মহামারীর সময় তা কমেছে। তবে ৭০ জন আন্তর্জাতিক গবেষকের একটি দল বৈশ্বিক উষ্ণায়নে স্বাস্থ্যের ওপর প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে নতুন একটি গবেষণা করেছে। গবেষণা নিবন্ধে লেখকরা বলেছেন, এ ধরনের গবেষণা এটাই প্রথম।
গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ সাময়িকীতে। এ ক্ষেত্রে গবেষকরা ৪৩টি দেশের ৭৩২টি জায়গার তথ্য বিশ্লেষণ করেছেন। তাতে দেখা গেছে, তাপ-সম্পর্কিত সব মৃত্যুর ক্ষেত্রে গড়ে ৩৭ শতাংশ মৃত্যুকে সরাসরি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী করা যেতে পারে।