অবরোধের মুখে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

আম বুকিংয়ের জন্য নির্ধারিত সময় কমিয়ে দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ অবরোধ করেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার বিকেল ৪টায় নির্ধারতি সময়ে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে সেটি আটকে যায়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

স্থানীয়রা জানান, ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর পর থেকেই বেলা ৩টা পর্যন্ত আম বুকিং নেওয়া হতো। কিন্তু হঠাৎ করেই গতকাল বেলা ১টার পর আর আম বুকিং নেওয়া হবে না বলে স্টেশনের বুকিং অফিস থেকে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। বিকেল ৪টায় ট্রেনটি ছাড়ার জন্য বারবার হর্ন বাজালেও আন্দোলনকারীরা সরে না যাওয়ায় ছেড়ে যেতে পারেনি।

স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ম্যাংগো স্পেশাল ট্রেন মাত্র আধাঘণ্টা অবস্থান করে। আম বুকিং বেশি হয়ে গেলে এই আধাঘন্টা সময়ের মধ্যে সেগুলো ওয়াগনে লোড করা সম্ভব হয় না। যে কারণে আমের বুকিংয়ের সময় কমানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ জানান, সবগুলো আম বুকিংয়ের ব্যবস্থা করে দেওয়ার পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা।