গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য স্বামী আটক

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলায় শাহানা খাতুন (৩০) নামে এক অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার করা হয়েছে। শাহানার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হওয়ায় তার স্বামী লালন মিয়াকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের লালন মিয়ার স্ত্রী শাহানা সুনামগঞ্জের ধরমপাশা  উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চাঁনপুর গ্রামের ফুল মিয়ার মেয়ে।

ফুল মিয়া দেশ রূপান্তরকে জানান, আমার মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে অসম্মতি জানালে তাকে অত্যাচার করে স্বামী ও শাশুড়ি। কয়েক মাস আগে মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসি। ঈদের কয়েকদিন পরে লালন ও তার আত্মীয়স্বজন শাহানাকে বুঝিয়ে কলমাকান্দায় শ^শুরবাড়িতে নিয়ে আসে।

গত মঙ্গলবার রাত ১টার দিকে ফোনে লালন জানায়, শাহানার শরীরের অবস্থা খারাপ। আমরা মাথায় পানি দিচ্ছি। খবর পেয়ে রাতেই মেয়ের শ^শুরবাড়ি এসে তাকে মৃত অবস্থায় পাই। শাহানার সাত বছরের ছেলে জামিম বলে রাতে বাবা তার মাকে গলা চেপে ধরেছে। আমি মেয়ের গলায় আঘাতের চিহ্ন দেখেছি। পরে বিষয়টি আমার এলাকার চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশকে জানান।

কলমাকান্দা থানার ওসি এ.টি.এম মাহমুদুল হক জানান, গৃহবধূর লাশ দুপুরের দিকে মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছোট ছেলে জামিমের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। এ ঘটনায় নিহতের স্বামী পুলিশ হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।