৩৮তম বিসিএস উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ৭৮১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। প্রার্থীদের বিসিএসের মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে গতকাল বুধবার কমিশনের বিশেষ সভায় নিয়োগের এ সুপারিশ করা হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সবচেয়ে বেশি নিয়োগের সুপারিশ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ের ইন্সট্রাক্টর পদে। মোট ৬১২ জন ইন্সট্রাক্টর পদে নিয়োগের সুপারিশ পেয়েছেন।
৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় ৬ হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৫ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন। এর আগে ৫৪১ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় দফায় নিয়োগ পেলেন ৭ শতাধিক।
৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পাননি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।