৮ বছর আগের টুইটের জন্য পস্তাতে হচ্ছে অভিষিক্ত ইংলিশ পেসারকে

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ওলি রবিনসনের। এই অভিষেকই যেন ‘কাল’ হলো ২৭ বছর বয়সী এই পেসারের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে রবিনসনের কয়েকটি ‘ঐতিহাসিক’ টুইট। বর্ণবাদী ও যৌন ইঙ্গিতমূলক এসব টুইট তিনি করেছিলেন ২০১২-১৩ সালে। যখন তার বয়স ১৮-১৯। ক্রিকেটার হিসেবেও নামডাক হয়নি।

টেস্ট দলে ডাক পাওয়ার পর থেকেই রবিনসনের কিশোর বয়সের ওসব টুইট ভাইরাল হয়। যার ফলে বিড়ম্বনায় পড়েছেন তিনি। অবশ্য মাঠের বাইরের এই ঘটনা মাঠের ভেতর পড়তে দিচ্ছেন না রবিনসন। অভিষেকেই লর্ডস টেস্টের প্রথম দিনে কিউইদের বিপক্ষে ১৬ ওভারে ৫০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। আর তাতে সাসেক্স তারকার পুরোনো পোস্টগুলো আরও বেশি ভাইরাল হয়।  

তবে হুট করে এমন বিড়ম্বনার শিকার হওয়ায় রবিনসন ক্ষমা চেয়েছেন ওসব ঐতিহাসিক টুইটের জন্য। নিজেকে তিনি বর্ণবাদী নয় বলে দাবি করেছেন, ‘আট বছর আগে পোস্ট করা আমার বর্ণবাদী ও যৌন ইঙ্গিতমূলক পোস্টের জন্য আমি বিব্রত। ওসব টুইট এখন ভাইরাল হয়ে গেছে। আমি দুঃখিত, এবং আমি নিশ্চিতভাবে আজ অনেক কিছু শিখেছি।

নিজেকে বর্ণবাদী ও যৌনতাবাদী নয় দাবি করে রবিনসন বলেন, ‘আমি এটা পরিষ্কার করতে চাই যে, আমি বর্ণবাদী ও যৌনতাবাদী নই। ওই সময়ের কর্মকাণ্ডের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। এমন কাজ করে আমি লজ্জিত।’

তবে এমন দুর্দিনে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে পাশে পাচ্ছেন রবিনসন। ভন বিবিসি স্পোর্টসকে বলেন, ‘সবাই তার আগেকার টুইট নিয়ে কথা বলছে। আমাদের কথা বলা উচিত, সে কেমন ভালো বল করছে তা নিয়ে। এটা সকলের জন্য এক বার্তা যে, টুইট ফিরে এসে আপনাদের কামড়াতে পারে।’