নাটোরে নিজ ঘরে অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ

নাটোরের বড়াইগ্রামে মোছা. শাহানুর বেগম (৩৫) নামে ৮ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে নিজ ঘরে গৃহবধূকে হাত-পায়ের রগ ও গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়।

 তিনি উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদ এর স্ত্রী।

পরিবারের লোকজন জানায়, ঘটনাস্থলের পাশেই পুরোনো ঐতিহ্য মাদারের গান চলছিল। নিহতের দুই সন্তান শাশুড়িসহ পরিবারের সকলেই গানের অনুষ্ঠানে থাকায় এক বছরের শিশু সন্তানকে নিয়ে ফাঁকা বাড়িতে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন শাহানুর।

একা থাকার সুযোগে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের মেয়ে মায়ের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসী এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

তবে নিহতের স্বামী কাজের সন্ধানে এলাকার বাইরে ছিলেন বলে জানান পরিবার।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

পরে বৃহস্পতিবার সকালে সিআইডি এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।

নিহতের শাশুড়ি রশেনা বেগম ও দেবর রশিদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।