আগামী শনিবার থেকে সাতক্ষীরা জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘করোনা প্রতিরোধ’ বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েকদিনের গড় হিসেবে সাতক্ষীরায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৫৭ শতাংশ। অপরদিকে করোনা পজিটিভ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত করোনা পজিটিভে ৪৭ জনের মৃত্যুও হয়েছে।
জেলা প্রশাসক জানান, লকডাউনের এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।
তবে ওষুধ ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে। দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল এ সময় বন্ধ থাকবে।
বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচলও। সাতক্ষীরার সঙ্গে যশোর ও খুলনার সড়ক যোগাযোগে পয়েন্টগুলোতে পুলিশ চেকপোস্ট থাকবে। এ সময় সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমাণ আদালত। বাধা নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে।
সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ডা. রুহুল হক এমপি ও মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াতসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা।