কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিভিন্ন স্থানে মশাল মিছিলের পর সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। পাশাপাশি চলছে নিয়মিত টহল।
আগামীকাল রবিবার (২৯ নভেম্বর) ও সোমবার (৩০ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে লকডাউনের ডাক দিয়েছে।
জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে নিরাপত্তা জোরদার করা হলেও কর্মসূচিকে ঘিরে জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক চলাচল নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।
শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও বাজারে মানুষের চলাচল এবং যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। তবে কর্মসূচিকে সামনে রেখে উপার্জন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নিম্ন আয়ের মানুষ।
রিকশাচালক মাহফুজ রহমান বলেন, এমনিতেই আয়-রোজগার কম। এর মধ্যে আন্দোলন ও কর্মসূচির কারণে যাত্রী কমে গেলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। কৃষিকাজের সঙ্গে জড়িত থাকায় নানা দিক থেকে আর্থিক সংকটে রয়েছেন তিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আগের মতো ভালো পরিবেশ ফিরে আসবে, এমন প্রত্যাশা তার।
এদিকে টানা তৃতীয় দিনের মতো বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে লেনদেনের সমস্যায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। এতে ক্ষতির মুখে পড়েছেন এজেন্ট ও গ্রাহক উভয়ই।
গোপালগঞ্জ শহরের বিকাশ এজেন্ট আবির হোসেন বলেন, লেনদেন করতে না পারায় ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছে। কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকেরাও আসছেন না। ব্যবসার জন্য টাকা বিনিয়োগ করে রেখেও কোনো লাভ হচ্ছে না। অন্যদিকে টাকা তুলতে আসা গ্রাহকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্যদিকে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনো থানা দুটির কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়নি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
টুঙ্গিপাড়ার বাসিন্দা হোসেন মিয়া বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাধারণ মানুষ প্রথমে থানায় যায়। কিন্তু থানার কার্যক্রম বন্ধ থাকলে পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। দেশের অন্যান্য স্থানেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম দ্রুত চালু করা জরুরি।
এদিকে গোপালগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান অব্যাহত রয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন রয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, সার্কিট হাউস ও জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তাঁরা দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জের আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল জানান, মহাপরিচালকের নির্দেশনায় জেলায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ক্ষয়ক্ষতি না ঘটে, সে লক্ষ্যেই তাঁরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি অনুযায়ী যেকোনো ঘটনা মোকাবিলায় সদস্যরা প্রশিক্ষিত ও প্রস্তুত রয়েছেন।
এ ছাড়া গোপালগঞ্জে ৫৫ প্লাটুন বিজিবি এবং পুলিশের ২ হাজার ৩৫০ জনের বেশি সদস্যের পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
গোপালগঞ্জে অবস্থানরত ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উল্লাহ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
সব মিলিয়ে আগামী দুইদিনের কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জে সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক থাকবে। একই সঙ্গে বন্ধ থাকা থানাগুলোর কার্যক্রম ও মোবাইল ব্যাংকিং সেবা স্বাভাবিক হলে জনজীবন এবং ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরবে।
গোপালগঞ্জে আ.লীগের তাণ্ডব, বিএনপি অফিস ও ব্যাংকে আগুন
এবার গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, সহিংসতার শঙ্কা বাড়ছে