তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত ১ শতাংশ প্রণোদনা অব্যাহত

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত এক শতাংশ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার দুপুর ৩টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এই প্রস্তাব দেন। এর অর্থ হলো পোশাক রপ্তানিকারকরা অপ্রচলিত রপ্তানি বাজারের ক্ষেত্রে পাঁচ শতাংশ অনুদান পাবেন। ইউরোপীয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং কানাডা ছাড়া বাংলাদেশ সব বাজারকেই অপ্রচলিত রপ্তানি বাজার বিবেচনা করে।

২০০৭ ও ২০০৮ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় ২০০৮-৯ অর্থবছরে অপ্রচলিত রপ্তানি বাজার পোশাক রপ্তানিকারকদের চার শতাংশ প্রণোদনা দেওয়া হয়।

প্রচলিত ও অপ্রচলিত দুই ধরনের বাজারের ক্ষেত্রেই রপ্তানিকারকরা অতিরিক্ত এক শতাংশ প্রণোদনা পাবেন।

রপ্তানিকারকরা উৎস কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব দিলেও তা অপরিবর্তিত রয়েছে।