লর্ডসে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি কনওয়ের

অভিষেক টেস্টেই একাধিক রেকর্ড গড়লেন ডেভন কনওয়ে। একে তো লর্ডসের মাঠে অভিষেক। যা যে কোনো ক্রিকেটারের জন্য স্বপ্নের ব্যাপার। নিউজিল্যান্ড ব্যাটার কনওয়ে উপলক্ষটা রাঙালেন অনন্য সব কীর্তি গড়ে।

লর্ডসে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করলেন কনওয়ে। বিশ্বে আর কোনো ব্যাটসম্যানের এই কৃতিত্ব নেই। সব মিলে টেস্ট ইতিহাসে মাত্র সপ্তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরির কীর্তি তার।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি কীর্তি গড়েন কনওয়ে। সুবাদে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তুলে ৩৭৮ রান।

কনওয়ে আগের দিন ওপেন করতে নেমেছিলেন। প্রথম দিনই তুলে নেন শতরান। ভেঙে দেন ২৫ বছর আগে সৌরভ গাঙ্গুলির করা লর্ডসে অভিষেক টেস্টে সর্বাধিক রানের রেকর্ড।

দ্বিতীয় দিন নিজেকে ছাপিয়ে গেলেন ২৯ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত কনওয়ে। নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২০০ রান করেন তিনি।

রান আউট হয়ে ফেরার আগে ৩৪৭ বল খেলে ২২টি চার, ১টি ছক্কা হাঁকান। একমাত্র ছক্কাটি মেরেই তিনি ১৯৪ থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান। মোট ৫৭৮ মিনিট, অর্থাৎ ৯ ঘণ্টা ৩৮ মিনিট তিনি উইকেটে ছিলেন।

কনওয়ে ছাড়া টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব আছে ইংল্যান্ডের টিপ ফস্টার (২৮৭, ১৯০৩ সাল), দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ (২২২ অপরাজিত, ২০০৩), ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো (২১৪, ১৯৭২), কাইল মেয়ার্স (২১০ অপরাজিত, ২০২১), নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার (২১৪, ১৯৯৯) এবং শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পুর (২০১ অপরাজিত, ১৯৮৭)।

সব মিলে লর্ডসে ১৮তম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন কনওয়ে। ভাঙলেন ১২৫ বছরের পুরোনো একটি রেকর্ডও। ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ইনিংস এখন কনওয়ের। আগের সর্বোচ্চ ছিল কে এস রঞ্জিতসিংহজির। ১৮৯৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ইংলিশ ক্রিকেটার।