ইরফান শুক্কুরের ব্যাটিং ঝড়ে মোহামেডানের জয়

ইরফান শুক্কুরের ব্যাটিং ঝড়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাতের ম্যাচটিতে ১৫৮ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় তুলে নেয় মোহামেডান।

টস জিতে ব্যাটিং বেছে নেয় পারটেক্স। মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান দ্রুতই তুলে নেন পারটেক্স ওপেনার সায়েম আলমকে (২)। তবে আরেক ওপেনার আব্বাস মুসা ও তিনে নামা অধিনায়ক তাসামুল হকের ব্যাটে ঘুরে দাঁড়ায় পারটেক্স। দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৯৫ রান।

মুসাকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। মুসা ৪৪ বলে ৬৪ রান করেন। ৫টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। তাসামুল করেন ৫৬ বলে ৫৯ রান। ৬টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান তিনি। সুবাদে ৫ উইকেটে ১৫৭ রান করে পারটেক্স।

মোহামেডানের পক্ষে তাসকিন ৩৩ রানে ২ উইকেট নেন। সাকিব ও আবু জায়েদ নিয়েছেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসানের ব্যাটে ভালো শুরু পায় মোহামেডান। তবে তাসামুলের চতুর্থ ওভারে পর পর দুই বলে ফিরে যান ইমন (১১ বলে ১৭) ও সাকিব আল হাসান (১ বলে ০)।

এরপর তৃতীয় উইকেটে ওপেনার মাহমুদুল ও শামসুর রহমান ৪৪ রান যোগ করেন। তবে নবম ও দশম ওভারে ফিরে যান এই দুজনও। মাহমুদুল ২৬ বলে ৩৮ রান করে তাসামুলের তৃতীয় শিকার হন। ১৬ বলে ১৯ রান করা শামসুরকে ফেরান জয়নুল ইসলাম।

এরপর চাপের মুখেও দারুণ ব্যাটিং করেন শুক্কুর। নাদিফ চৌধুরীর সঙ্গে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। শুক্কুরের ২৯ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় মোহামেডানের।

৫টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান শুক্কুর। অন্য প্রান্তে নাদিফ চৌধুরী অপরাজিত ছিলেন ২৩ বলে ২৭ রানে। ১টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। পারটেক্সের পক্ষে তাসামুল নিয়েছেন সর্বাধিক ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছেন ইরফান শুক্কুর।