চট্টগ্রামের পটিয়ায় চিকিৎসকের ভুল চিকিৎসায় মোনতাছির রহমান হৃদয় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে তার স্বজনরা জানিয়েছেন। হৃদয় উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ঘর্জানিয়াপাড়ার প্রবাসী মো. রফিকের ছেলে। এর আগে ভুল চিকিৎসার অভিযোগ এনে গত মঙ্গলবার পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুর মামা খোরশেদ আলম।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ মে দুপুরে লিচুগাছ থেকে পড়ে গুরুতর আহত হয় হৃদয়। পরে তাকে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসক আবু ছালেক পরীক্ষা-নিরীক্ষার পর তার হাতটি অপারেশন করার পরামর্শ দেন। এরপর ওইদিন বিকেল ৪টার দিকে ডা. সাইফুল হৃদয়কে অপারেশন রুমে নিয়ে যান। তার নির্দেশে সহকারী ডা. আবু ছালেক ও ডা. নাজমুল লোকাল এনেস্থিসিয়া দিয়ে অজ্ঞান করার জন্য হৃদয়কে ইনজেকশন পুশ করা মাত্র সে অজ্ঞান হয়ে যায়।
খোরশেদ আলম অভিযোগ করে বলেন, ‘৬ বছরের শিশুকে ১৬ বছরের রোগীর ইনজেকশন পুশ করা হয়েছে। ডাক্তারদের এ ভুল চিকিৎসায় হৃদয় আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মৃত্যুর সঙ্গে টানা ৯ দিন লড়ে গতকাল সকালে মারা যায়।’
এ ব্যাপারে ডা. সাইফুল ইসলাম বলেন, ‘শিশুর ক্ষেত্রে এনেস্থিসিয়া দেওয়ার পর তার হার্ট ফেল করে। তখন আমরা তাকে কার্ডিয়াক প্রাথমিক চিকিৎসা দিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য রেফার্ড করি। আমি নিজে গিয়ে শিশুকে দেখে আসি এবং চিকিৎসার সবসময় খোঁজখবর নিয়েছি। এরকম অবস্থা তো আমার বাচ্চা, আপনার বাচ্চারও হতে পারে! তবে এখানে আমার ইনভলভমেন্ট নেই।’
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’