রাজশাহীতে করোনা ইউনিটে একদিনে ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে বৃহস্পতিবার ৯ জনের মৃত্যু হয়।

এ নিয়ে গত ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিনে হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে মারা গেলেন ৯৩ জন। এই ৯৩ জনের মধ্যে ৫৬ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা, সাইফুল ফেরদৌস জানান, যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ ছিলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন। মৃতদের মধ্যে আইসিইউতে পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুজন, তিন নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুজন, ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছে।

মৃত ১৬ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নয়জন, রাজশাহীর ছয়জন এবং একজনের বাড়ি নওগাঁ জেলায়।

শুক্রবার সকালে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ২২৫ জন। আগের দিন সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। যাদের মধ্যে ১৩ জন রাজশাহীর, ১৫ জন চাঁপাইনবাবগঞ্জের, পাবনার ৩ এবং ১ জন নাটোর জেলার বাসিন্দা।