ভাতিজাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচারও মৃত্যু

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে রিপন (৩৫) ও শাহাজালালের ছেলে আলিফ হাসান (১২)।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, শুক্রবার সকালে মোহাম্মদপুর গ্রামের আবদুর রহিমের ছেলে রিপনের মুদি দোকানে হালখাতা চলছিল।

এ সময় মাদ্রাসা ছাত্র আলিফ দোকানের পাশে হালখাতা উপলক্ষে মাইক বাধা বাঁধা খুঁটি ঘোরাতে গেলে বিদ্যুতের খুঁটির তারে মাইকের ম্যাগনেট অংশের স্পর্শ লাগে। এতে মাইকের তার বিদ্যুতায়িত হয়ে গেলে মাইক্রোফোন হাতে থাকা আলিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আলিফ হাসানকে বাঁচাতে দোকান মালিক রিপন মাইকের ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনিও ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তারা সম্পর্কে তারা চাচা ভাতিজা।

পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। পরিবার ও এলাকাবাসী আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফন করা হয়েছে বলে জানান এসআই আবু রায়হান।