নাটোরের সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় চামারী ইউনিয়নে ও রবিবার (১৯ এপ্রিল) রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার চৌগ্রামে এসব ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের শ্রী সুমন কুমার (৩৫) ও চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের মো.সজল মোল্লা (২৪)।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামে ফসলি জমিতে সেচ দিতে যান সজল মোল্লা। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হয়ে মাঠেই পড়ে থাকেন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কৃষক সুমন কুমার তার বসতবাড়ি থেকে কিছু দূরে লিজ নেওয়া একটি পুকুরে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৈদ্যুতিক মোটরের লাইন সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনিও বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হন। স্বজনরা দ্রুত তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পুলিশ অবগত রয়েছে।
