বজ্রপাতে নারী-শিশুসহ ১১ জনের মৃত্যু

দেশের চার জেলায় বজ্রপাতে নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে সন্ধ্যা নাগাদ বজ্র ঝড়ের কবলে পড়ে তাদের মৃত্যু হয়।

দেশ রূপান্তরের জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও নেত্রকোনা প্রতিনিধিদের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

জামালপুরে ৫ জনের মৃত্যু

জামালপুরের তিন উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলায় এক নারীসহ তিনজন, দেওয়ানগঞ্জে এক রাজমিস্ত্রি আর সরিষাবাড়ীতে এক নারীর মৃত্যু হয়।

বকশীগঞ্জে মারা যান উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫), পূর্ব কলকীহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা (৪৫), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫)।

দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়ায়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) আর সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের মোজাম্মেলের স্ত্রী আঙ্গুরী বেগম (৪৫) বজ্রপাতে মারা যান।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত কবীর, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৃথক দু’টি বজ্রপাতে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলার পাঁচরশিয়া ও টিকলিরচর গ্রামে এসব বজ্রপাতের ঘটনা ঘটেছে।

বজ্রপাতে সদর উপজেলার পাঁচরশিয়া গ্রামের মোহাম্মদ রানার স্ত্রী এনি (২৫) ও তার ছেলে নূর মোহাম্মদ (৫) এবং টিকলিরচর গ্রামের আবদুল মতিনের ছেলে ইয়াসিন আরাফাত (১০) মারা যান।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।

এরা হলেন- বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে সেলিম রেজা (৩০) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আবদুল আলিম (৩৭)।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ বলেন,বজ্রপাতে নিহতদের পরিবারকে জনপ্রতি নগদ ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

নেত্রকোনায় শিশুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে আশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। আশামনি উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে আবদুল আলীর মেয়ে।

ধলামূলগাঁও ইউপির চেয়ারম্যান ওমর ফারুক জানান, বিকেল ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে আশামনি বাড়ির পাশে পুকুরে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে শিশুটি ঘটনাস্থলে মারা যায়।

একই স্থানে আবদুল মোতালেবের স্ত্রী সেলিনা (৫০) পুকুরে গোসল করছিলেন। তিনিও বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।