গাজীপুরে মেয়র জাহাঙ্গীর আলম

কোনো শিশুই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে না

ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে যেন একটি শিশুও বাদ না যায় সে জন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের লোকজন কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ৫ থেকে ১৯ জুন পর্যন্ত নগরীর ৪৩৯টি কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৩৪৯ শিশুকে এ টিকা খাওয়ানো হবে।

গতকাল শুক্রবার দুপুরে নগরীর মেয়রের নিজস্ব বাসভবনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহ জানান, শনিবার থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুর মহানগরীতে ৬-৫৯ মাস বয়সী ৩১ হাজার ৫৩৬ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪১ হাজার ৮১৩ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।