গাজীপুরে আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে গাজীপুর মহানগরীর সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার বাসিন্দা দিনমজুর আব্দুল মোতালেবের স্ত্রী মোরশেদা বেগম (৩০) ও গাইবান্ধা সদরের পশ্চিম পুলিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার (৫০)।
তারা টেকিবাড়ি এলাকার সোনা মিয়ার বাড়িতে ভাড়ায় বাস করেন।
ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, শনিবার সকাল ৯টার দিকে বৃষ্টির সময় ঘটনাস্থলে ঢাকা-রাজশাহী রেলপথের পাশে আম গাছের নিচ থেকে আম কুড়াচ্ছিলেন মোরশেদা ও সাজেদা।
একপর্যায়ে তারা রেললাইনে উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান দুই নারী।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে তাদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।