করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে পাঁচ দিন বন্ধের পর শনিবার থেকে দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
শনিবার দুপুরে ভারত, নেপাল ও ভুটান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষি পণ্য আমদানি করা হয়েছে। তবে পাথর আমদানি হয়নি।
পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা স্থলবন্দর চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি ও নতুন করে ভ্যারিয়েন্ট ও ফাঙ্গাস সংক্রমণ এড়াতে স্থানীয়দের চাপে মুখে পড়ে ৩১ মে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
৪ জুন থেকে স্থলবন্দরটি চালু হওয়ার কথা থাকলেও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় শনিবার থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়।
শনিবার দুপুরে ভারত, নেপাল ও ভুটান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষি পণ্য নিয়ে কিছু ট্রাক ভারতের ফুলবাড়ি-বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এ বন্দরে পাথরের আমদানি বেশি হলেও আজকে পাথরের কোনো ট্রাক বন্দর দিয়ে দেশে প্রবেশ করতে দেখা যায়নি।
পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, গত ৪ জুন আমাদের বন্দর খোলার কথা ছিল। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে স্থলবন্দর বন্ধ ছিল। শনিবার দুপুর থেকে অন্যান্য পণ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে। পাথরের গাড়ি টেন্ডার করা হয়নি। এ কারণে আজকে পাথর আমদানি করা যাবে না। আগামীকাল থেকে স্থলবন্দর পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।