ফেনীর ফুলগাজী উপজেলার তারাকুচা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক এক নারীর করোনা শনাক্ত হয়েছে।
১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে শুক্রবার রাতে একজনের ফলাফলে করোনা পজিটিভ এসেছে।
গত ২০ মে সকালে তাকেসহ তিন নারীকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি। ওই নারীর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। দেড় মাস আগে তারা যশোর হয়ে ভারতে গিয়েছিলেন।
পুলিশ সূত্র জানায়, ২০ মে সকালে ওই তিন নারীকে ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তারাকুচা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটকের পর ফুলগাজী থানায় হস্তান্তর করে বিজিবি।
পুলিশ তাদের আদালতে পাঠালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল তাদের জামিন মঞ্জুর করেন এবং ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী ওই তিন নারীকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে পুলিশি পাহারায় কোয়ারেন্টাইনে রাখা হয়।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম মোজাম্মেল হক বলেন, ওই তিন নারী এখনো কোয়ারেন্টাইনে। তবে একজনের করোনা ফলাফল পজিটিভ।