চুয়াডাঙ্গায় সীমান্তবর্তী আরও ১০ গ্রামে লকডাউন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তঘেঁষা আরও ১০ গ্রামে লকডাউনের ঘোষনা দিয়েছে স্থানীয় প্রশাসন। আগামীকাল রোববার থেকে এ লকডাউন কার‌্যকর হবে বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা সভাকক্ষে আয়োজিত করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়।

দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২ জুন কার্পাসডাাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ৭টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়।

এর তিন দিন পর নতুন করে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১০টি গ্রামে লকডাউনের ঘোষণা দেয়া হয়। এ নিয়ে সীমান্তবর্তী দুটি ইউনিয়নের মোট ১৭টি গ্রামের লকডাউনের আওতায় আসলো।

নতুন লকডাউন ঘোষিত গ্রামগুলো হল- দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর, নাস্তিপুর, ঝাঁঝাঁডাঙ্গা, ছোট বলদিয়া, বড়বলদিয়া, বাড়াদি, কামারপাড়া, চাকুলিয়া, ঠাকুরপুর ও ফুলবাড়ি।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে জরুরি সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

এ ছাড়া সভায় উপজেলা পর্যায়ের সকল জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগর টগর বলেন, ‘উপজেলার সীমান্তবর্তী এলাকায় করোনার সংক্রমণ বাড়ছে। এরই মধ্যে ৭ টি গ্রাম লকডাউনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ১০ গ্রাম লকডাউনের আওতায় আনা হলো। এসব ঝুঁকিপূর্ণ এলাকার চায়ের দোকানগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হবে। লকডাউনের আওতাধীন গ্রামবাসীকে নগদ ও খাদ্য সহায়তা দেয়া হবে।’