বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে সোমবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তবে এই ম্যাচের আগে দলটির একজন ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এল।
মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। তাকে কাতারের টিম হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সংবাদমাধ্যমে খবর, অনিরুদ্ধ থাপা গত বুধবার করোনায় আক্রান্ত হন। পরদিন স্বাগতিক কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছে সুনীল ছেত্রীরা। ম্যাচটি ০-১ গোলে হারে ভারত।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সচিব কুশল দাস বলেন, ‘অনিরুদ্ধ থাপার করোনা সংক্রমিত হওয়ার খবরটি সত্যি। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।’
কয়েক দিন পর অনিরুদ্ধ থাপার দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করা হবে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০টির বেশি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ১৫ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত।