ইসরায়েল সরকারে ফিলিস্তিনি পার্টি!

ইসরায়েলের নতুন জোট সরকারের শরিক হতে যাচ্ছে দ্য ইউনাইটেড আরব লিস্ট (ইউএএল) পার্টি। এবারই প্রথম ইসরায়েলের সরকার গঠনে ফিলিস্তিনের জনগণের হয়ে কোনো পার্টি যুক্ত হতে যাচ্ছে। ইসরায়েলের নতুন এই সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন নেতানিয়াহুর চেয়ে উগ্রপন্থি নাফতালি বেনেট। এই বেনেট পশ্চিমতীরকে দখলে সমর্থন দিয়েছিল। আর এখন তার সঙ্গেই সরকার গঠন করতে যাচ্ছেন ইউএএল নেতা মানসুর আব্বাস।

ইসরায়েলে নির্বাচনকে কেন্দ্র করে চলমান জটিলতার মধ্যে দেশটির বিরোধী দলগুলোর আট নেতা সম্প্রতি জোট গঠনে সম্মত হয়েছেন। আর এই জোট গঠনে মধ্যস্থতা করেছেন দেশটির মধ্যপন্থি নেতা ইয়ায়ির লাপিদ। তার কারণই মূলত নেতানিয়াহুর ১২ বছরের শাসন শেষ হতে যাচ্ছে। ৪৭ বছর বয়সী মানসুর আব্বাস মূলত ইসরায়েলের ইসলামিক মুভমেন্টের দক্ষিণপন্থি একটি শাখার চেয়ারম্যান। শেখ রায়িদ সালেহর ইসলামিক মুভমেন্ট থেকে ১৯৯৫ সালে বিভক্ত হয়ে মানসুর ওই শাখা গঠন করেন। মানসুর মনে করেন, তার এই পদক্ষেপের ফলে ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের জীবনমান আগের তুলনায় ভালো হবে। যদিও অধিকাংশ ফিলিস্তিনিই মানসুরের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন।

নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টি এখনো সংখ্যাগরিষ্ঠ। কিন্তু পার্টিটি সরকার গঠনের জন্য যে আসন দরকার তা পায়নি। এজন্য শুরু থেকেই নেতানিয়াহু কয়েকজন বিরোধী নেতার সঙ্গে জোট বাঁধার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা নেতানিয়াহুকে সঙ্গ দেননি। বেনেট ছিলেন নেতানিয়াহুর দীর্ঘদিনের সঙ্গী। ফলে লিকুদ পার্টি কোন দিক দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে তা ভালো করেই জানা ছিল তার। এখন নেসেটে দ্বিতীয় শক্তিশালী পার্টি ইয়েস আতিদ।

মানসুর আব্বাস অনেক দিন ধরেই ইসরায়েলের ডানপন্থি দলগুলোর সঙ্গে কাজ করছেন। এর মধ্য দিয়ে তিনি ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের জীবনমান উন্নত করার চেষ্টা করেছেন। ইসলামিক মুভমেন্ট থেকে মানসুর বের হয়ে যাওয়ার পর মূল আন্দোলনটি দুর্বল হয়ে যায়। কিন্তু তারপরও ইসলামিক মুভমেন্ট গত বছরের নির্বাচনে সংসদের ১৫টি আসন পেয়েছিল। আর মানসুরের শাখা এবার চারটি আসন নিয়ে বেনেট ও লাপিদের সঙ্গে যুক্ত হয়েছে। মানসুর এখনই বলা শুরু করেছেন যে, নতুন সরকার তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে, ক্ষমতায় গেলে তারা ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করবে না এবং আনুষ্ঠানিকভাবে তারা নেগেভ মরুভূমির বেদুইন শহরগুলোকে স্বীকৃতি দেবে। প্রসঙ্গত, মরুভূমির ওই শহরগুলো মানসুরের শক্ত ঘাঁটি।