কোম্পানির ন্যূনতম কর তুলে নিন : ফিকি

বিক্রিত পণ্য ও সেবার মূল্যের (রাজস্ব) ওপর আরোপিত ন্যূনতম কর প্রত্যাহার চায় দেশে ব্যবসা করা বিদেশি কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)।

বর্তমানে টেলিফোন অপারেটরের রাজস্বের ওপর ২ শতাংশ ও টোব্যাকো কোম্পানির রাজস্বে ১ শতাংশসহ বিভিন্ন কোম্পানির রাজস্বের ওপর বিভিন্ন হারে ন্যূনতম কর রয়েছে। কোম্পানির মুনাফা না হলেও এই কর পরিশোধ করতে হয়, যা তুলে নেওয়া দরকার বলে মনে করে ফিকি। গত শুক্রবার প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজস্বের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি কোম্পানির ব্যবসার প্রমোশন, রয়্যালটি পরিশোধ ও প্রধান কার্যালয়ের পরিচালনা ব্যয়ে আরোপিত সীমা প্রত্যাহারের দাবি জানায় ফিকির নেতারা।

গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবিত এই বাজেটকে সামগ্রিকভাবে ইতিবাচকভাবে দেখছে ফিকি। স্বাস্থ্য, শিক্ষা ও মেগা প্রকল্পের বরাদ্দকে ইতিবাচক মনে করছে তারা। সামাজিক সুরক্ষায় বড় বরাদ্দকেও স্বাগত জানিয়েছে ফিকি। তবে একই সঙ্গে এই বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করতে পারা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সংগঠনটি।

বাজেটে করপোরেট কর কমানো, নির্দিষ্ট সংখ্যক তৃতীয় লিঙ্গের শ্রমিক-কর্মচারী নিয়োগে কর ছাড় দেওয়া, আগাম কর ও উৎসে কর কমানো, স্থানীয় শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া, মূল্য সংযোজন কর আদায়ে অনিয়মে জরিমানা কমানোসহ প্রভৃতি প্রস্তাবকে ইতিবাচক মনে করছে ফিকি।