মাঝ আকাশে যাত্রীর পাগলামির কারণে যুক্তরাষ্ট্রে ডেল্টা এয়ারের একটি ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হয়েছিল। ফ্লাইটটি লস অ্যাঞ্জেলস থেকে ন্যাশভিল যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি মাঝ আকাশে থাকাকালে এক যাত্রী হঠাৎ তার আসন ছেড়ে দৌড়ে গিয়ে সে ককপিটের দরজায় অনবরত ধাক্কাতে শুরু করে।
এ সময়ে অশান্ত এ যাত্রী জোরে জোরে চিৎকার করে বিমান থামাতে বলে। একপর্যায়ে তার সহযাত্রী ও বিমান ক্রুরা তাকে শান্ত করতে সক্ষম হয়।
এ অবস্থায় বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্কিতে জরুরি অবতরণে বাধ্য হয়। সেখানে ওই যাত্রীকে বিমান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী বলেন, মনে হলো বিনা উস্কানিতে ওই যাত্রী আসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং পাইলটের কেবিনের দিকে ছুটতে থাকে। সেখানে গিয়ে ককপিটের দরজায় আঘাত করতে শুরু করে।
এক বিবৃতিতে ক্রু ও যাত্রীদের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছে ডেল্টা ফ্লাইট।
এতে বলা হয়, বিমানটি কোনো দুর্ঘটনা ছাড়াই অবতরণ করতে পেরেছে। যাত্রীদের আইন প্রয়োগকারী সংস্থার লোকজনেরা সরিয়ে নিতে পেরেছে।
এদিকে বিমানের বাকি যাত্রীদের পাঁচ ঘণ্টা আলবুকার্কিতে থাকতে হয়েছে। পরে নতুন বিমানে করে তাদের ন্যাশভিলে নিয়ে যাওয়া হয়।