শাহাদাতকে ভালোবেসে যুক্তরাষ্ট্র থেকে চাঁদপুরে জিইনাবচন

শাহাদাতকে ভালোবেসে নিজ দেশ যুক্তরাষ্ট্র ছেড়ে চাঁদপুরে পাড়ি জমিয়েছেন প্রেমিকা জিইনাবচন জোন্স। তিন-চার দিন আগে তিনি বাংলাদেশে এসে ঢাকা অবস্থান করেন। শুক্রবার দুপুরে শাহাদাতের পৈত্রিক বাড়িতে আসেন এবং ইসলামি শরীয়া মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

শাহাদাত হোসেন চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে। দীর্ঘদিন তাদের মাঝে মোবাইলে প্রেম চলে আসছিল।

শাহাদাতের ছোট ভাই আব্দুল মালেক বলেন, আমার মেঝ ভাই তার স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আমার মেঝ ভাবি ফাতেমা মোহাম্মদ মুসার বান্ধবী হলেন জিইনাবচন জোন্স। তার সঙ্গে আমার বড় ভাইকে পরিচয় করিয়ে দেন আমার মেঝ ভাবি। গত কয়েক বছর ধরে তাদের মধ্যে মোবাইলে কথাবার্তা হতো। পরে দুজন দুজনকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নেয়। শুক্রবার দুপুরে আমাদের বাড়িতে স্থানীয় কাজী মনিরুল ইসলাম তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করান।

তিনি আরো বলেন, আমার মেঝ ভাই আবু জাফর মালয়েশিয়া থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিক ফাতেমা মো. মুসার সঙ্গে পরিচয় হয়। পরে ২০১০ সালে তারা সেখানেই বিয়ে করেন। পরে আমার ভাই দেশে চলে আসলে পরবর্তীতে ভাবীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে সেখানেই তারা বসবাস করছেন। মূলত আমার মেঝ ভাবির মাধ্যমে নতুন ভাবির সঙ্গে বড় ভাইয়ের পরিচয় হয়েছে।

তিনি সবার কাছে নবদম্পতি তার বড় ভাই ও ভাবির জন্য দোয়া কামনা করেন।