চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ মোফাছেল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি টিম।

সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

মোফাছেল হোসেন উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামের রুহুল আমিনের ছেলে।

এ ঘটনায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের শহর ও যান পুলিশ পরিদর্শক মো. ইমাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল রবিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘি ইউনিয়নের ময়নামতি ফিলিং স্টেশনের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ মোফাছেল হোসেন আটক করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিলেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, আটক মোফাছেল হোসেন বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা করলে আমরা তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।