কালীগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় জিহাদ হোসেন (১৯) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের হাসপাতাল সড়কের অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই উপজেলার হেলাই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। জিহাদ শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি হেলাই গ্রামে সাইকেলে করে ফিরছিল। পথিমধ্যে শহরের হাসপাতাল সড়কের আগ্রণী ব্যাংকের  সামনে পৌঁছালে ট্রাকের চাপায় পিষ্ট হয় জিহাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।