সহযোগী কোম্পানি একত্রীকরণ

বড় অঙ্কের ঋণের দায় বিএসআরএম লিমিটেডে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেড তার সহযোগী বিএসআরএম স্টিল মিলস লিমিটেডকে একত্রীকরণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর আগে গত ফেব্রুয়ারিতে এই দুই কোম্পানি একীভূতকরণের আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। সহযোগী কোম্পানিকে একত্রীকরণের অনুমোদন পাওয়ায় তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম লিমিটেডের ঋণের দায় বড় আকারে বাড়ছে।

উচ্চ আদেশ অনুযায়ী বিএসআরএম লিমিটেড ও তার সহযোগী প্রতিষ্ঠানের ১ অনুপাত শূন্য ২৮৮ হারে শেয়ারের বিনিময় গতকাল কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়েছে। একত্রীকরণ সম্পন্ন হলে বিএসআরএম লিমিটেডের সহযোগী থেকে সাবসিডিয়ারিতে রূপান্তর হবে বিএসআরএম স্টিল মিলস লিমিটেড।

বিএসআরএম স্টিল মিলস লিমিটেড রডের কাঁচামাল বিলেট উৎপাদন করে, বর্তমানে যার ৪৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বিএসআরএম লিমিটেডের হাতে। সহযোগী প্রতিষ্ঠানটির অবশিষ্ট ৫৫ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার বিএসআরএম গ্রুপের উদ্যোক্তা-পরিচালক ও স্বার্থসংশ্লিষ্টদের হাতে রয়েছে। বিএসআরএম স্টিল মিলস লিমিটেড ২০১৬ সালে বাণিজ্যিক উৎপাদনে আসে। এ প্রতিষ্ঠানটির বার্ষিক ৮ লাখ ৬০ হাজার টন বিলেট উৎপাদনের সক্ষমতা রয়েছে।

একত্রীকরণের ফলে বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের ঋণের সব দায় বিএসআরএম লিমিটেডের ওপর বর্তাবে। সহযোগী প্রতিষ্ঠান একত্রীকরণের ফলে বিএসআরএম লিমিটেডের ব্যাংকঋণের পরিমাণ চার হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। একত্রীকরণ হতে যাওয়া সহযোগী প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ হচ্ছে ২ হাজার ৫০২ কোটি টাকা। আর বর্তমানে বিএসআরএম লিমিটেডের ঋণের পরিমাণ হচ্ছে ১ হাজার ৫২৭ কোটি টাকা।

এ বিষয়ে বিএসআরএম লিমিটেডের কোম্পানি সচিব শেখর রঞ্জন কর দেশ রূপান্তরকে বলেন, যখন একত্রীকরইের স্কিম জমা দেওয়া হয়, সে সময় সহযোগী প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি যত ঋণ দেখানো হয়েছিল, তা এখন আর নেই। আমরা মনে করছি, এই একত্রীকরণের ফলে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম লিমিটেডের নিট মুনাফা আরও বাড়বে।

উৎপাদনে আসার পরবর্তী দুই বছরে প্রায় ৯৮ কোটি টাকা লোকসান করলেও ২০১৭-১৮ হিসাব বছরে সহযোগী কোম্পানিটি ৯৪ কোটি টাকা নিট মুনাফা করে। একত্রীকরণের মাধ্যমে পরোক্ষ তালিকাভুক্তির কারণে সহযোগী কোম্পানিটির কর হার সাড়ে ৭ শতাংশীয় পয়েন্ট কমে আসায় তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম লিমিটেডের নিট মুনাফা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে বিএসআরএম লিমিটেডের পরিশোধিত মূলধন হচ্ছে ২৩৬ কোটি টাকা, যা সহযোগী কোম্পানি একত্রীকরণের পর ২৯৮ কোটি ৫৮ লাখ টাকায় উন্নীত হবে বলে এসইসি জানিয়েছে। একত্রীকরণের ফলে বিএসআরএম লিমিটেডকে নতুন করে ৬ কোটি ২৫ লাখ শেয়ার ইস্যু করতে হবে। বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের পরিশোধিত মূলধন হচ্ছে ৩৯৪ কোটি টাকা, যার মধ্যে বিএসআরএম লিমিটেড ছাড়াও বিএসআরএম গ্রুপের অপর তালিকাভুক্ত কোম্পানি সিআরএম স্টিলস লিমিটেডের ১০ কোটি শেয়ার রয়েছে। এছাড়া বিএসআরএম গ্রুপ চেয়ারম্যান আলী হোসেন আকবের আলী, ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন ছাড়াও অন্যান্য উদ্যোক্তা-পরিচালকদের হাতে বিপুল পরিমাণের শেয়ার রয়েছে।

বর্তমানে বিএসআরএম লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭৯ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হচ্ছে। কোম্পানিটির বাজার মূলধন ১ হাজার ৮৭২ কোটি টাকা।