পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল

করোনা মহামারীর কারণে ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল সোমবার এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

রাজ্য সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘রাজ্য দপ্তরে ই-মেইলের মাধ্যমে এসব পরীক্ষা বাতিলের পক্ষে মতামত এসেছে। আজ বেলা ২টা পর্যন্ত ৩৪ হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ ই-মেইল করে পরীক্ষা নিয়ে তাদের মতামত দেন। তাদের মধ্যে ৭৯ শতাংশই পরীক্ষা বাতিলের পক্ষে মতামত দেন।’

এরপরই সোমবার বিকেলে মমতা ওই ঘোষণায় জানান, করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলো। আগামী ৭ দিনের মধ্যে জানানো হবে, কীভাবে মূল্যায়ন হবে। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সঙ্গে সিবিএসই, আইসিএসই ও আইএসসি-এর সঙ্গে মিলিয়ে যেন পরীক্ষা নেওয়া হয় হয়।

গত শুক্রবার পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সুপারিশ করেছিল রাজ্য সরকারের ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি। এরপর এসব পরীক্ষা বাতিল হবে কি না, এ বিষয়ে ই-মেইলের মাধ্যমে সর্বসাধারণের মতামত জানতে চেয়েছিল রাজ্য সরকার। সোমবার বেলা ২টার মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি সর্বসাধারণকে নির্ধারিত ই-মেইল ঠিকানায় তাদের মতামত পাঠাতে বলা হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব ই-মেইলে পাওয়া মতামতের ভিত্তিতে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

পশ্চিমবঙ্গে এ বছর ১০ হাজার মাধ্যমিক বিদ্যালয় ও ৭ হাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে যথাক্রমে ১২ লাখ ও ৯ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা। ইতিমধ্যে ইংরেজি মাধ্যমের দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল করে দিয়েছে সিবিএসই এবং আইসিএসই বোর্ড। গত ২ মে ছিল পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার দিন। কিন্তু ওই দিন সকালে রাজ্যের শিক্ষা মন্ত্রণালয় থেকে সূচি ঘোষণা স্থগিত করার কথা জানানো হয়।