বজ্রপাতে ৯ জনের মৃত্যু

প্রতিদিনই বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটছে। গতকাল সোমবারও সারা দেশে এক দম্পতি ও দুই বোনসহ ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রাজশাহীর চারঘাটে একসঙ্গে আম কুড়াতে গিয়ে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। পিরোজপুরের স্বরূপকাঠিতে ছাগল রাখার ঘরে পলিথিন টাঙাতে গিয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ছাড়া দিনাজপুরের হিলিতে আম কুড়াতে গিয়ে আপন দুই বোন ও মাদারীপুরের শিবচরে এক যুবকের মৃত্যু হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

রাজশাহীতে চারজনের মৃত্যু : চারঘাটে একসঙ্গে আম কুড়াতে গিয়ে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন। গতকাল বিকেল ৪টার দিকে মহানগরীর কাটাখালী থানার চককাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫), কাবিল হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাবলী (৬০), মো. জনির ছেলে পরেশ (৮) ও মাহবুবের ছেলে সোহান (৮)। রামেক হাসপাতালের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গতকাল বিকেলে ঝড়ের সময় চারঘাটের ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশে নারী ও শিশুরা আম কুড়াচ্ছিল। ওই সময় হঠাৎ বজ্রপাতে মুক্তা ও আলেয়া ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে আনার পথে পরেশ ও সোহানের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

পিরোজপুরে দম্পতির মৃত্যু : স্বরূপকাঠিতে ছাগল রাখার ঘরে পলিথিন টাঙাতে গিয়ে বজ্রপাতে আবুল কালাম (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পূর্ব গুয়ারেখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালাম ওই গ্রামের প্রয়াত আ. কাদেরের ছেলে। স্থানীয় গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, গতকাল দুপুরে ঝড়ের মধ্যে ছাগল রাখার ঘরে পলিথিন টাঙাচ্ছিলেন ওই দুম্পতি। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তারা। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলাখালী বাজারের পল্লীচিকিৎসক সজলের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

দিনাজপুরে দুই বোনের মৃত্যু :  হাকিমপুরের হিলিতে বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মহসিনা আকতার (১২) ও মুবাশ্শিরা আকতার (৭) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে হিলির লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল বিকেলে হঠাৎ করে ঝড় ও বৃষ্টির মধ্যে বাড়ির সামনে আম কুড়াতে যায় মহসিনা ও মুবাশ্শিরা। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় ওই দুজন। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে। 

মাদারীপুরে যুবকের মৃত্যু : শিবচরে বজ্রপাতে রাকিব শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতারা মোল্লাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাকিব ওই এলাকার জহির উদ্দিন শেখের ছেলে। পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে বাংলাবাজার থেকে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন রাকিব। বাড়ির উঠানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।