চট্টগ্রামে আরও ১২৯ জনের করোনা শনাক্ত, দুইজনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আন্ক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৩১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তির একজন নগরের, অপরজন উপজেলার বাসিন্দা।

আগের দিন রববার চট্টগ্রামে করোনায় দুজন মারা যান। এদিন ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬০ জনের করোনা শনাক্ত হয়।