আমদানি বাড়ায় মাত্র দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা করে। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট (আইপি) না দেওয়ায় ও পূর্বের আইপি শেষ হয়ে যাওয়ায় হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে এক মাসের বেশি সময় ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমায় ও দেশীয় পেঁয়াজের উপর চাপ বাড়ায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল।
এমন অবস্থায় সম্প্রতি সরকার পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট(আইপি) দেওয়ায় গত ৩জুন হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয়েছে।
প্রথম দিন হিলি স্থলবন্দর দিয়ে মাত্র ৪ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও পরবর্তীতে আমদানিকারকরা পণ্যটির আমদানি বাড়ানোয় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। ৫জুন বন্দর দিয়ে ৯ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গতকাল তা বেড়ে ১৩ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।