এক ম্যাচ পরই ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে জয়ের ধারায় ফিরল আবাহনী লিমিটেড। তারকা সমৃদ্ধ দলটি গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারাল ৭ উইকেটে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেনের জোড়া ফিফটিকে সহজ জয় তুলে নেয় আবাহনী। গাজী গ্রুপের পক্ষে টানা দ্বিতীয় ফিফটি পেলেও পরাজিত দলে থাকতে হয় সৌম্য সরকারকে।
দুপুরে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আবাহনী। ব্যাট হাতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন গাজী গ্রুপের দুই ওপেনার মাহেদি হাসান ও সৌম্য সরকার। ৯ ওভারে ৭৮ রানের জুটি গড়েন তারা। এর মধ্যে ৩২ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করেন মাহেদি।
আর আগের দিন ৫৩ রান করা সৌম্য সরকার ৫০ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ। আবাহনীর শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করতে পারেনি আবাহনী। ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে শুরুর ধাক্কা সামলে ১৮ ওভারেই আবাহনীর জয় নিশ্চিত করেন মুশফিক ও মোসাদ্দেক। চতুর্থ উইকেটে ৫৮ বল খেলে অবিচ্ছিন্ন ১০৫ রান করেন তারা।
ম্যাচ সেরা মুশফিক ৩৫ বলে অপরাজিত ৫৩ রান করেন। ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন মোসাদ্দেক।
৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তৃতীয়স্থানে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে গাজী।