অ্যাড ট্র্যাকিং বন্ধে ফিচার আনছে গুগল

অনলাইনে বিজ্ঞাপন ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রচারণায় সেটি কতখানি কার্যকর, সেসব তথ্য সংগ্রহ করা হয়। কুকিজ, ইউআরএল ট্র্যাকিং, ট্র্যাকিং পিক্সেল ও বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ইন্টারনেট জুড়ে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো তাদের বিজ্ঞাপন প্রচারণার সঙ্গে সঙ্গে তা কীভাবে মানুষের মনে প্রভাব ফেলে সেই তথ্যও সংগ্রহ করে থাকে। সংগ্রহ করেই তারা থেমে থাকে না। অনেক ক্ষেত্রেই গ্রাহকের সেই তথ্য বিক্রি করে দেওয়া হয় তৃতীয় পক্ষের কাছে।

এসব কারণে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপের মাধ্যম অ্যাড ট্র্যাকিং নিয়ে বেড়েছে বিতর্ক। এর মধ্যেই এক খবরে গুগল জানিয়েছে, অ্যাপে অ্যাড ট্র্যাকিং থেকে নিজেদের রক্ষা করতে পারবেন ব্যবহারকারীরা।

অ্যাপলের আইওএসের মতোই নতুন প্রাইভেসির অপশন থাকবে অ্যান্ড্রয়েডে। চলতি বছরের শেষ ভাগে এই আপডেট আনবে গুগল। নতুন আপডেটের পর অ্যাপ ডেভেলপাররা কোনো ব্যবহারকারীর ইউনিক অ্যাড আইডি আর দেখতে পারবেন না। অবশ্য এটি বন্ধ ও চালু করার অপশন থাকবে ব্যবহারকারীর কাছে।

গুগল জানিয়েছে, আগামী বছর শুধু তথ্যের নিরাপত্তা নিয়েই একটি আলাদা ফিচার থাকতে পারে প্লে স্টোরে। সেখানে অ্যাপের ডেভেলপাররা কোনো ব্যবহারকারীর ঠিক কী কী তথ্য সংগ্রহ করে, তার স্পষ্ট উল্লেখ থাকবে। গত এপ্রিলেই অ্যাড ট্র্যাকিং বন্ধের অপশন আনে অ্যাপল। অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছেমতো এই অপশন অন বা অফ করতে পারবেন। গুগল ও অ্যাপলের এই ফিচারের পর বড়সড় ধাক্কা খেতে পারে ফ্রি অ্যাপগুলো। অ্যাড ট্র্যাকিংয়ের মাধ্যমেই সংস্থাগুলো লাভ করত।