মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে প্রতিপক্ষকে রীতিমতো দুঃস্বপ্ন উপহার দিল বসুন্ধরা কিংস। নাসরিন স্পোর্টস একাডেমিকে তারা হারাল ২০-০ গোলে।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে আরো ১৩ গোল করে দলটি।
ডাবল হ্যাটট্রিক পেয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানি সরকার। দুজনই করেছেন ৬টি করে গোল। হ্যাটট্রিক পেয়েছেন ঋতুপর্ণা চাকমা, ৩ গোল করেন তিনি। এ ছাড়া মনিকা চাকমা দুটি, সানজিদা আক্তার ও শামসুন্নাহার একটি গোল করেন। অন্য গোলটি তারা পায় আত্মঘাতী থেকে।
এবারের লিগে এটিই বসুন্ধরার সবচেয়ে বড় জয়। এর আগে সদ্যপুষ্করিণীকে ১৪-১ গোলে হারিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাত ম্যাচের সব কটিতে জেতা দলটি মোট গোল করেছে ৬৬টি।
কুমিল্লা ইউনাইটেড ও কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাবের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।