নেত্রকোনায় অপহরণ মামলা দায়েরের তিন দিন পর এক অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত শিক্ষার্থীকে মঙ্গলবার বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোনার বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে।
এর আগে, মঙ্গলবার সকালে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তা জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে আটক ও ওই ছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে বারহাট্টা থানা-পুলিশ।
আটককৃত জাহাঙ্গীর বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা গ্রামের ডেনডু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ছাত্রী এলাকা থেকে নিখোঁজ হন। পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার ছাত্রীর বাবা বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামি করে আরও তিন-চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান দেশ রূপান্তর বলেন, তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিবি পুলিশের সহায়তায় মঙ্গলবার গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।