রাস্তা আটকে টিকটকের ভিডিও, বাঁচাতে গিয়ে খাদে কার্ভাড ভ্যান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তা আটকে টিকটক ভিডিও ধারণ করছিল কিছু যুবক। তাদের বাঁচাতে গেলে শিবলী কার্গো সার্ভিস নামে একটি কার্ভাড ভ্যানের সামনের অংশ রাস্তা থেকে খাদে পড়ে যায়। পরে পুলিশের তত্ত্বাবধানে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।

চালকের দাবি টিকটক ভিডিও বানানোর কাজে কয়েকজন যুবক রাস্তার বাঁকে প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাদের কারণে এই দুর্ঘটনাটি হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের পিসের মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

চালক হাসান বলেন, লংলা চা বাগান থেকে রাবার বোঝাই কার্গো ভ্যান ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার পথে রাস্তার একটি ঝুঁকিপূর্ণ বাঁক পার হতেই কয়েকজন টিকটকারকে দেখা যায় একটি প্রাইভেট কার দাঁড় করিয়ে ভিডিও প্রস্তত করছে। এ সময় অন্যপাশ দিয়ে একটি গাড়ি চলে আসলে কোনো দিক না পেয়ে রাস্তার পাশের খাদে কার্ভাড ভ্যানটি নামিয়ে দেন তিনি। কেউ আহত না হলেও কাভার্ড ভ্যানটির সামনের অংশ রাস্তার পাশের খাদে আটকা পড়ে। পরে শ্রীমঙ্গল থেকে রেকার এনে উদ্ধার কাজ করা হয়।

এ দিকে কাভার্ড ভ্যান উদ্ধার করতে এসে মামুন কার্গো সার্ভিস নামে আরেকটি কাভার্ড ভ্যানের চাকা মাটিতে দেবে গেলে সেটিও আটকা পড়ে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, রাস্তায় প্রতিবন্দকতা তৈরি করে ভিডিও বানানোর কাজ করা যাবে না। আমরা ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি। কাভার্ড ভ্যানটি উদ্ধার করার হয়েছে।