ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়াসহ চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না কোচ জেমি ডে।
কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আফগানিস্তান ও ভারত ম্যাচে হলুদ কার্ড দেখায় এ ম্যাচে খেলতে পারবেন না জামাল, লেফটব্যাক রহমত মিয়া ও উইঙ্গার বিপলু আহমেদ। এ ছাড়া ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন মাশুক মিয়া জনি।
কাতার থেকে টিম ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘জনি ব্যথা পেয়েছে। ওকে আমরা এমআরআই করিয়েছি। ডাক্তার দুই সপ্তাহ বিশ্রাম দিয়েছে। আগামী ম্যাচে তাকে আমরা মিস করব। ফিফার রেগুলেশন অনুযায়ী রাউন্ড ওয়ান ও টুর ম্যাচে দুইটা কার্ডের জন্য জামাল, রহমত ও বিপলু-এই তিনজনকেও আগামী ম্যাচে পাচ্ছি না আমরা। এর বাইরে যারা দলের সঙ্গে আছে, সবাই সুস্থ আছে। ইনশা আল্লাহ তাদের নিয়ে ওমানের বিপক্ষে আমরা লড়াই করব।’
স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ফরোয়ার্ড সাদ উদ্দিনকে ছাড়াই কাতার যেতে হয়েছিল বাংলাদেশকে। কাতার যাওয়ার পর আফগানিস্তান ম্যাচে চোট পান মিডফিল্ডার সোহেল রানা। এরই মধ্যে দেশেও ফিরে এসেছেন তিনি। সবমিলে ওমান ম্যাচে সেরা একাদশ মাঠে নামানো হচ্ছে না কোচ জেমির।
বিশ্বকাপ বাছাইয়ের ‘কাতার পর্বে’ আফগানিস্তানের সঙ্গে ১-১ ড্রয়ের পর ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। সব মিলে সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে সবার তলানিতে তারা।