২০২১-২২ অর্থবছরের বাজেটে ‘আমলাদের খাতির করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন রাজনীতিবিদ ও নাগরিক।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে ‘সচেতন নাগরিকদের দৃষ্টিতে ২০২১-২০২২ জাতীয় বাজেট’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
অর্থনীতিবিদ ডা. রেজা কিবরিয়ার সভাপতিত্বে ও গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, আলোচনার সভায় মূল বক্তা ছিলেন গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী। জুমে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সভায় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমূখ।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাজেট হওয়া উচিত নাগরিকদের জন্য। আমি বাজেটটি দেখার চেষ্টা করেছি অর্থমন্ত্রীর শ্রেণি চরিত্রের আলোকে। বাজেটের প্রতিটি ক্ষেত্রে তার পেশা ও শ্রেণির প্রভাব পড়েছে। বাজেটে দুর্নীতিকে বহাল রাখার ফাঁক রয়ে গেছে। এটার উল্টাটা হওয়া উচিত ছিলে। তাদের সংসদে আসার আগে সবার সঙ্গে আলোচনা করা উচিত ছিল। জনগণের মতামত নেওয়া উচিত ছিল’।
তিনি বলেন, ‘বাজেটের ব্যাপারে আমলাদের খাতির করা হয়েছে। কারণ হলো ওনার পেশা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে উনি একটি শ্রেণিকে অনেক সুবিধা দিয়েছেন। আমলাদের বেতন অনেক বাড়ানো হয়েছে। গাড়ি কেনার জন্য ত্রিশ লাখ টাকা দেওয়া হয়। পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় তা মেনটেইন করার জন্য। উপকার পেয়েছে উচ্চ শ্রেণি। আমরা মধ্যম আয়ের দেশ কিন্তু মনোবৃত্তিটা পরিবর্তন হয়নি’।
অনুষ্ঠানের অতিথি তত্ত্বাবধায়ক সরকারে সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘নানা পর্যায়ে আলোচনা হওয়া উচিত। প্রথম কথা বাজেটের তিনিটি দিক। বরাদ্দ, ক্ষমতাশীন দলের অর্থনৈতিক কৌশল, চলমান বাস্তবতার সঠিক প্রতিফলন। কৌশলের পেছনে অর্থনৈতিক দর্শনও কাজ করে। ক্ষমতাশীন দলের অর্থনীতির কৌশল থাকে চুইয়ে পড়া অর্থনীতির দিকে। অর্থমন্ত্রী এটার ওপরই গুরুত্ব দিয়েছে। শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্যে উন্নতি হলে সব স্তরের মানুষ আস্তে আস্তে সুবিধা পাবে। এটাই এই নীতির মূল দর্শন’।
তিনি বলেন, জিডিপির বৃদ্ধি চুইয়ে পড়া অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটার অসাড়তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাস্তবতার সঙ্গে সেটা অনেকাংশেই মেলে না। আমাদের অর্থনীতিতে অবদান রাখছে কৃষি, ক্ষুদ্র ব্যবসা। সেখানে কত বরাদ্দ দেওয়া হলো তা নিয়ে আলোচনা হওয়া উচিত। এটাই সত্য বাংলাদেশের জনগণ রেজিলিয়েন্ট।
সভাপতির বক্তব্যে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, ‘অর্থমন্ত্রী ব্যর্থ বাজেট দিয়েছেন। উনি বড় শ্রেণির স্বার্থ রক্ষা করেছেন। কিন্তু দুঃখজনক ওনার শ্রেণির খুব বেশি মানুষ নেই। ক্যাপাসিটির তুলনায় আমরা ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করি। অথচ বিদ্যুৎ উৎপাদন কোম্পানিকে ৯ হাজার কোটি টাকা দেবোয়া হয়। শিক্ষা খাতের অবস্থা আপনারা জানেন। ছেলেমেয়েদের যে ঘাটতি হয়ে গেছে। এটা লাঘবে বরাদ্দ দেওয়া উচিত ছিল’।