মোবাইল নেটওয়ার্ক পরিচালনায় ক্লাউড সেবার জন্য ‘নেতৃত্বস্থানীয়’ হিসেবে বৈশ্বিক রেটিং পেল জেডটিই। সম্প্রতি প্রকাশিত ‘এনএফভিআই কম্পেটেটিভ ল্যান্ডস্কেপ অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে জেডটিই’র টিউলিপ এলাস্টিক ক্লাউড সিস্টেম (টেকস)-কে ‘নেতৃস্থানীয়’ সেবা হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবালডেটা। জেডটিই বাংলাদেশ অফিস থেকে জানানো হয়, ডেটা পরামর্শক প্রতিষ্ঠানটির ছয়মাত্রার মূল্যয়নে ছিল কাঠামো, ক্যারিয়ার গ্রেড ফাংশন, ব্যবস্থাপনা, গতিশীলতা, কর্মক্ষমতা এবং পেশাগত সেবা। প্রতিটি মাত্রায় সর্বোচ্চ মান অর্জন করে টেকস সেবা। টেকস সেবার কন্টেইনার, ভার্চুয়াল মেশিন এবং বেয়ার মেটালসহ ডুয়েল কোর ক্লাউড প্লাটফর্ম এবং ফাইভজি, এমইসি এবং ডিজিটাল টেকনোলজিতে উদ্ভাবন প্রাধান্য পেয়েছে গ্লোবালডেটার মূল্যায়নে। জেডটিই-এর মুখপাত্র জানান, নেটওয়ার্ক কাঠামো নির্মাণের জন্য বিশেষ উন্নয়ন ব্যবস্থাপনা এবং ওপেন ভার্চুয়াল নেটওয়ার্ক (ওভিএন) সেবা রয়েছে জেডটিই’র টেকস সেবায়। এছাড়াও এনইও এবং স্মার্টএনআইসির মতো যন্ত্রের দক্ষতা বাড়াতে সাহায্য করে টেকস। বিভিন্ন এমইসি ব্যবস্থাপনাকে সহজ করতে জেডটিই নেটওয়ার্ক অপারেটরদের চাহিদা অনুযায়ী ফিচার সমন্বয় করে এই সেবার আওতায়। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২০০০-এর বেশি অংশীদারকে পেশাগত সেবা প্রদান করেছে জেডটিই।