চুরির মামলায় ৬ ঘণ্টার মধ্যে চার্জশিট দাখিল

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় মামলার গ্রহণের ছয় ঘণ্টার মধ্যে চার্জশিট দিয়ে নজির গড়ল পুলিশ।

বৃহস্পতিবার জেলার বোয়ালমারীর চন্ডিবিলা ঘাটবাজারে মুক্তিযোদ্ধা শেখ মো. তোরাব হোসেনের (৬৮) ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১০ হাজার নগদ টাকা এবং বেশ কিছু মালামাল নিয়ে যায় চোর।

এই ঘটনায় তোরাব হোসেন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি চুরির মামলা দায়েরে করেন ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, চুরির মামলাটি দায়ের করলে তদন্ত কর্মকর্তা তথ্য যাচাই-বাছাই শেষে ছয় ঘণ্টার মধ্যে চার্জশিট দেন।

তিনি বলেন, ‘আমরা চাই- যতটুকু সম্ভব মানুষকে হয়রানিমুক্তভাবে আইনি সেবা দেওয়া।’