বিরামপুরের মেয়েকে বিয়ে করলেন রেলমন্ত্রী সুজন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বিয়ে করলেন দিনাজপুরের বিরামপুরের মেয়ে শাম্মী আকতার মনিকে। ৫ জুন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন কনের বড় ভাই জাহিদুল ইসলাম মিলন।

শাম্মী আকতার বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তার মাও মৃত্যুবরণ করেছেন। তারা দুই ভাই ও এক বোন। দুই ভাই বর্তমানে বিরামপুরে পৈতৃক বাড়িতেই থাকেন। দুজনই স্থানীয় ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, মৃত আব্দুর রহিমের পৈতৃক বাড়ি ছিল পাবনায়। পিডিবিতে লাইনম্যান পদে চাকরির সুবাদে তিনি বিরামপুরে আসেন, তারপর নতুনবাজার এলাকায় বাড়ি করে স্থায়ী হন।

বড়ভাই জাহিদুল ইসলাম মিলন বলেন, মনি ঢাকার উত্তরায় থাকেন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। আইন বিষয়ে পাশ করে হাইকোর্টে প্র্যাকটিসও করেন।

আরও বলেন, “৫ জুন দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক ঘরোয়া পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বরের পক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী, কনের পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম। ছোট পরিসরে যতটুকু অনুষ্ঠান করা দরকার সেভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।”

মিলন জানান, শাম্মী আকতার মনি বর্তমানে উত্তরায় আগের বাড়িতেই আছেন। ডিসেম্বরে স্বামী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বাড়িতে আনুষ্ঠানিকভাবে যাবেন। এখন মনির বাসাতে আছেন মন্ত্রী। 

এর আগে কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল মনির, ২০১১ সালে ডিভোর্স হয়ে যায়। ওই পক্ষে একটি মেয়ে রয়েছে, এরপর থেকে মেয়েকে নিয়ে ঢাকায় আছেন মনি।

আইনজীবী নূরুল ইসলাম সুজন একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী নিলুফার ইসলাম গত সংসদ নির্বাচনের আগের দিন ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মারা যান। নূরুল ইসলাম সুজন ও নিলুফার ইসলাম দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান।