পাবনার ঈশ্বরদীতে ৮ কৃষকের ১০ বিঘা জমির কলা, পেঁপেবাগানসহ ঢেঁড়সক্ষেতের গাছ কুপিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ফলসহ কলা, পেঁপে ও ঢেঁড়সগাছ কুপিয়ে নষ্ট করে। ঈশ^রদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফাঁসখালী গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ওই গ্রামের সুলতান হোসেন, আবদুস সালাম, আহম্মদ হোসেন, আরমান আলী, আব্দুল করিম, দেলওয়ার হোসেন, ইয়াছিন আলী ও আকমল হোসেন। এ ঘটনায় ঈশ^রদী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বৃহস্পতিবার জমি পরিচর্যার কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে যান তারা। শুক্রবার সকালে জমিতে এসে দেখতে পান তাদের জমির কলা, পেঁপেবাগানসহ ঢেঁড়সগাছ কেটে নষ্ট করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সুলতান হোসেন জানান, তিনি ৬৬ শতাংশ জমিতে কলার বাগান করেছিলেন। রাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কলাবাগান নষ্ট করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াছিন আলী বলেন, কৃষিকাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। অথচ তার ঢেঁড়সক্ষেতের গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় ইউপি সদস্য জাহিদ হোসেন তারা মালিথা বলেন, কৃষকের এ ধরনের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সঠিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। এ জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।