বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা নেত্রকোনা, সিদ্ধিরগঞ্জে ২ লাশ

নাটোরের বড়াইগ্রামে পরকীয়ার জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আসামি মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে নেত্রকোনায় এক দলিল লেখক ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:

নাটোর : নাটোরের বড়াইগ্রামে পরকীয়ার জেরে গৃহবধূ শাহীনুর খাতুনকে গলা কেটে হত্যা করেছে প্রতিবেশী মতিউর রহমান। গতকাল শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক সংবাদ বিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের। তিনি জানান, বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কারিগরপাড়ার গৃহবধূ শাহিনুর খাতুনের স্বামী রাশিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মতিউর রহমানের স্ত্রী আছমা খাতুনের পরকীয়া চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। গত ৩১ মে রাশিদুল ইসলাম আছমা খাতুনকে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানির পর ক্ষিপ্ত হয়ে ওঠে মতিউর। নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে ২ জুন রাতে বাড়িতে একা পেয়ে ঘুমন্ত অবস্থায় অন্তঃসত্ত্বা শাহিনুরকে গলা কেটে হত্যা করেন তিনি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর জেলা পুলিশ মতিউরকে গত বৃহস্পতিবার রাতে তার নিজবাড়ি থেকে আটক করে।

নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কে এম আতাউর রহমান রতন (৪৫) নামে এক দলিল লেখকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মৃতদেহের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে আসে পুলিশ। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেকুজ্জামান ভূঁইয়া জানান, স্থানীয়রা জানিয়েছে, রতন কয়েক মাস যাবৎ মানসিক রোগে ভুগছিলেন।

 সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)  : সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়ের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।