ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের দুই নেতা গ্রেপ্তার

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোর অভিযোগে হেফাজত নেতা আবদুল হক ও মো. আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও আশুগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবদুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সহ-দপ্তর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক। মো. আবুল কাসেম বেড়তলা মাদ্রাসার সেক্রেটারি ও হেফাজত নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, আবদুল হক ও আবুল কাসেম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের নিয়ে ব্যাপক তা-বলীলা চালান। এ সময় আবদুল হক এবং তার সিনিয়র মুরব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের ছাত্র-শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তা-ব চালান। এছাড়া আবুল কাসেমের নির্দেশনায় বেড়তলা মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ এবং আশুগঞ্জ টোলপ্লাজায় ব্যাপক ভাঙচুর ও নাশকতা চালান। তাদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।