ট্রেলারে তাপসীর ত্রিভুজ প্রেম

অভিনেত্রী তাপসী পান্নুর পরবর্তী সিনেমা ‘হাসিন দিলরুবা’। ১১ জুন শুক্রবার থ্রিলারধর্মী এই সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় তুলে ধরা হয়েছে যৌনতা, হত্যা ও রহস্যঘেরা একটি মামলার তদন্ত। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাপসী, বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানে।

ট্রেলারে দেখা যায়, তাপসী তার প্রিয় লেখক দীনেশ প-িতকে নিয়ে কথা বলছেন। এই লেখক রহস্যঘেরা বিভিন্ন গল্প লেখেন। তাপসীর সঙ্গে বিক্রান্তের বিয়ে হয়। কিন্তু পরবর্তী সময়ে হর্ষবর্ধন রানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে বিক্রান্ত খুন হয়। গল্প মোড় নেয় ভিন্ন দিকে। ইউটিউবে প্রকাশিত ২ মিনিটি ২৯ সেকেন্ডের ট্রেলারটি ভক্তদের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে।

‘হাসিন দিলরুবা’ সিনেমাটি পরিচালনা করেছেন ভিনিল ম্যাথু। এটির প্রযোজনায় আছেন আনন্দ এল রাই। ২ জুলাই থেকে নেটফ্লিক্সে সিনেমাটি দেখা যাবে।

উল্লেখ্য, ২০১০ সালের ঝুম্মান্ডি নাডাম তেলুগু চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাপসীর। তার অভিনীত তামিল ‘আদুকালাম’ চলচ্চিত্র ভারতের ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ছয়টি পুরস্কার জিতে নেয়। তিনি এ ছাড়া মালয়ালম ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। তার সর্বাধিক ব্যবসাসফল ছবির তালিকায় রয়েছে জুড়ওয়া ২, মিশন মঙ্গল। ২০১৯ সালে ‘ষাণ্ড কি আঁখ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পেয়েছিলেন। ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি ১০০ তালিকায় ২০১৮ সালে তিনি ৬৮তম স্থানে এবং ২০১৯ সালে ৬৭তম স্থানে অন্তর্ভুক্ত ছিলেন।