মির্জাপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি আটক ২

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মির্জাপুর থানা পুলিশ। আটকরা হলো সুজন মিয়া (৩০) ও রাফি মিয়া (২৭)।

পুলিশ জানায়, আটকরা গত ২৬ মে রাতে মারিশানপাড়া গ্রামের মো. কদ্দুছ মিয়ার বাড়ির ধানকাটা এক শ্রমিককে পুলিশ পরিচয় দিয়ে ধরে নিয়ে টাকা দাবি করে। পরে ৩ হাজার টাকা দিয়ে সেই শ্রমিক ছাড়া পায়। পরে এলাকার লোকজন খবর নিয়ে জানতে পারেন কামারপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সুজন নিজেকে এসআই, চাঁনপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রাফি ও রকিব দেওয়ানের ছেলে লোকমান দেওয়ান কনস্টেবল পরিচয় দিয়ে ধানকাটা শ্রমিকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। শনিবার নিজ বাড়ি থেকে ওই দুজনকে আটক করা হয়। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজ আহমেদ জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।