কুড়াল দিয়ে স্ত্রীকে খুন

আদালতে স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর ভাটারায় কুড়াল দিয়ে স্ত্রী জোবেদা খাতুনকে খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী আবুল কাশেম।

গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মোহাম্মদ সুমন মিয়া আসামিকে হাজির করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে আবুল কাশেম জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

গত ১১ জুন সকাল ৯টার দিকে ভাটারার সোলমাইদ পূর্বপাড়া কাজিবাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী কাশেম কথা-কাটাকাটির একপর্যায়ে হাতের কাছে থাকা কুড়াল দিয়ে জোবেদার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মামলা অভিযোগ থেকে জানা যায়, এই দম্পতির দুই সন্তান আছে। তারা কাজিবাড়িতে ভাড়া থাকে। তবে অভাব-অনটন ও অন্যান্য কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকত। ঘটনার দিন সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাশেম কুড়াল দিয়ে স্ত্রীকে আঘাত করলে সেখানে স্ত্রী মারা যান।