উখিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪

কক্সবাজারের উখিয়ায় ১৩ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য জানান। শুক্রবার গভীর রাতে সোনারপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- উত্তর সোনারপাড়ার মৃত মৌলভি ওমরের ছেলে মো. রিদুয়ান (৪০), ফলিয়াপাড়ার আব্দু সালামের ছেলে হেলাল উদ্দিন (২৫), খয়রাতি পাড়ার ফোরকান আহমদের ছেলে জাফর আলম (২১), খুলনা খালিশপুরের মৃত শেখ আকবর আলির ছেলে মো.তাইজুল ইসলাম (৩২)।

তিনি জানান, অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে ধাওয়া করে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে খাটের তোশকের মধ্যে লুকিয়ে রাখা ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, নগদ ১লাখ ৪৮ হাজার ৪০০টাকা, ১টি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।